বাংলা কবিতা

দূরত্ব

কবি: সায়েজ বদরুল • 28 July, 2021
একদিন এই মাঠে সবুজ ফসল ফলাতো কিষান, আমাদের আঙ্গিনায় ফুটতো গোলাপ সুনিপুণ টবে, ছেড়ে দিতো সুখতারা শব্দহীন তারার আকাশ, হৃদয়ের গভীরতায় ঘুমুতো পূন্য প্রেমের বীজ। একদিন আমাদের সবকিছু ছিলো..... প্রেম-ভালোবাসা জমিজমা-চাষাবাদ ভিটেমাটি-ঘর উনুনে আগুন বকুল বাগান পদ্ম চামেলী, জুই চাপা ফুল। বুকে নিতে কারফিউ ছিলোনা তখন, যৌবন এলেই আমরা জ্বেলেছি আগুন, নতুন সুখের আশায় ভুলে গেছি, আছে ভয় যুদ্ধ, বিভীষিকা মৃত্যুর। একদিন আমাদের আশ্রয় ছিলো মাটির শরীর, বাতাবী লেবুর ঘ্রান, ফুলের কলিতে, উড়ে আসা প্রজাপতিদের কাছে, নরম ঘাস আর সবুজের বুকে অন্ধকার ভালোবেসে, একদিন দুজন মিলে একজন হয়েছিলাম। সবকিছু আজ বুকে আলপিনে গাথা স্মৃতির মিনার, কার করতলে কে কাটায় রাত আমরা জানিনা। প্রেমের অভাবে আজ সবুজ শহরে আঁধার, অনাবাদী মাঠজুড়ে কান্নার কলরোল, তোমার অভাবেই যেনো সুখের বাসর ভাঙছে নিয়ত। আজ আর কোনো ঘরে তোমাকে দেখিনা, যতোই ধরতে চাই, ততোই দূরত্ব বাড়ে তোমার আমার।